পাঁচবিবিতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কৃষক, মাঠে ভিজছে পাকা আমন ধান
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 23
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বৃষ্টির পানিতে মাঠজুড়ে কেটে রাখা পাকা আমন ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে আগাম আলু ও শীতকালীন সবজির জমিতে পানি জমে থাকায় বড় ধরনের ফসলহানির শঙ্কায় রয়েছেন কৃষকরা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং দিনরাত পরিশ্রম করে ফলানো সোনার ফসল ঘরে তোলার আগেই এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। তাঁদের দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ এখন প্রকৃতির বিরূপ আচরণে অনিশ্চয়তার মুখে পড়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা পাকা আমন ধান পানিতে ভিজে গেছে। কোথাও কোথাও ধানগাছ হেলে পড়েছে। এতে ধানের ফলন ও গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে আগাম আলু ও শীতকালীন সবজির অনেক জমি পানিতে তলিয়ে গেছে। জমে থাকা পানি বের করতে কৃষকদের জমিতে নালা কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করতে দেখা যায়।
স্থানীয় দিনমজুররা জানান, টানা বৃষ্টিতে কৃষিকাজের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় তাঁদের দৈনিক আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
উপজেলার হাটখোলা গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, ‘মাঠে আমার ছয় বিঘা জমির ধান কেটে রাখা হয়েছে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাঠে এখনো অনেক কৃষকের পাকা ধান রয়েছে।’
ধরঞ্জী গ্রামের কৃষক ইউনুছ আলী বলেন, ‘দুদিন আগে দুই বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছি। রোপণের পরদিন থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। এখন জমিতে পানি জমে আছে। আলু গজাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আলু না গজালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ বলেন, আবহাওয়া সামান্য অনুকূলে এলেই ৮০ শতাংশ পেকে যাওয়া অবশিষ্ট আমন ধান দ্রুত কেটে বাড়ির আঙিনা, উঁচু স্থান কিংবা ছাউনিযুক্ত নিরাপদ স্থানে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিচু জমিতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। হেলে পড়া ধান থেকে পানি সরে যাওয়ার পর গোছা করে বেঁধে রাখতে হবে, যাতে ধানের শীষ মাটির সংস্পর্শে না আসে।
তিনি আরও বলেন, ভেজা ধান স্তূপ করে রাখা যাবে না। এতে ধান গরম হয়ে নষ্ট হওয়ার পাশাপাশি চালের গুণগত মান কমে যেতে পারে। তাই বাতাস চলাচল করে এমন স্থানে ধান পাতলা করে বিছিয়ে রাখতে হবে। রোদ উঠলে ভালোভাবে শুকিয়ে মাড়াই করতে হবে।
কৃষি কর্মকর্তা জানান, আগাম আলু, সরিষা ও শীতকালীন সবজির জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ছত্রাকজনিত রোগ প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।
আপনার মতামত লিখুন :