• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 19
ছবির ক্যাপশন : ad728

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও এখন পর্যন্ত নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। ফলে ঐতিহাসিক এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সপ্তাহান্তে ঢাকায় গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে চুক্তি নবায়নের বিষয়টি আলোচ্যসূচিতেই রাখা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে ‘নিশ্চয়তা সংক্রান্ত ধারা’ যুক্ত করার দাবি এবং ভারতের পক্ষ থেকে অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির আপত্তি—এই দুই ইস্যু নবায়ন প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ঢাকায় যৌথ কমিটির বৈঠক ও বর্তমান অবস্থান
গত শনিবার (২১ নভেম্বর) ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। যৌথ কমিটির ৯১তম বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন জলশক্তি মন্ত্রণালয়ের কমিশনার (এফএম) শরদ চন্দ্র। বৈঠক শেষে সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পেলেও নবায়ন নিয়ে কোনো আলোচনা না হওয়ায় কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে।

কেন আটকে আছে নবায়ন প্রক্রিয়া?
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণেই মূলত জট তৈরি হয়েছে:

বাংলাদেশের দাবি: 
গত মাসে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী স্পষ্ট জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘নিশ্চয়তা সংক্রান্ত ধারা’ (গ্যারান্টি ক্লজ) পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। দেশের বিভিন্ন মহল থেকেও এই দাবি জোরালোভাবে তোলা হচ্ছে।

ভারতের আপত্তি ও বিহারের বিরোধিতা: 
ভারতের ভেতরে একটি বড় অংশ মনে করছে, ১৯৯৬ সালের এই চুক্তির কারণে দেশটি বড় ধরনের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে বিহার রাজ্য বর্তমান কাঠামোয় চুক্তি নবায়নের তীব্র বিরোধিতা করছে।

ভারতের ক্ষমতাসীন জোট এনডিএ-এর শরিক দল জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যকরী সভাপতি ও রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা বলেন, ‘৩০ বছরের তথ্য-উপাত্তে দেখা গেছে, এই চুক্তির কারণে বিহারের গুরুতর পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আমাদের অবস্থান স্পষ্ট—বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়ন করা উচিত নয়। মেয়াদ শেষ হতে দিয়ে ২০৫০ সাল পর্যন্ত বিহারসহ অববাহিকার রাজ্যগুলোর বৈজ্ঞানিক পানির চাহিদার ভিত্তিতে নতুন করে আলোচনা করতে হবে।’

অন্যদিকে, পশ্চিমবঙ্গের জন্যও ফারাক্কা ব্যারাজ থেকে হুগলি নদীতে পানি প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা অঞ্চলের পানির চাহিদা এবং কলকাতা বন্দরের নাব্যতা এই প্রবাহের ওপর নির্ভরশীল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
চুক্তি নবায়ন না করার দাবি ও অনিশ্চয়তার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

চুক্তির পটভূমি
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ বছর মেয়াদি এই দ্বিপক্ষীয় চুক্তিতে সই করেন। এর আওতায় প্রতিবছর শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে) পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানির বণ্টন নির্ধারিত হয়ে আসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তির নবায়ন এখন অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ