১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, জানালেন মুখপাত্র
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 | সংবাদটি দেখেছেন : 37
আন্তর্জাতিক ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২৬
দীর্ঘ দুই বছর ধরে ভারতে নির্বাসিত থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথমবার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন বিমানের মাধ্যমেই তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”
তিনি আরও দাবি করেন, “সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এখন সরকারের দায়িত্ব হলো আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার দেশে ফেরার ব্যবস্থা করা।”
তবে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। যদিও গত রোববার সরকারের এক মন্ত্রী বার্তাসংস্থাটিকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছিল বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :