কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ ২ জন নিহত
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 2
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশা চালক ও উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে আবদুল মতিন (৩৫) এবং কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)।
আহতরা হলেন— চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের দুই ছেলে মো. ইয়াকুব ও মো. রাসেল এবং জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি চৌদ্দগ্রাম বাজার ও বসন্তপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কালিকসার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সামনে থাকা একটি লরির পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, আরিফ হোসেন তাঁর খালাতো ভাই মো. রাসেল ও মো. ইয়াকুবকে নিয়ে আরেক খালাতো ভাই মো. মামুনের বিয়েতে যোগ দিতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।
বরের সাজে থাকা মো. মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজী বাড়িতে এসেছি। নির্ধারিত গাড়িতে জায়গা না হওয়ায় আমার আপন দুই ভাই রাসেল ও ইয়াকুব এবং খালাতো ভাই আরিফ হোসেন পেছনের সিএনজি অটোরিকশায় রওনা দেন। পথে দুর্ঘটনায় ভাই আরিফ মারা গেছে, আর বাকি দুই ভাই হাসপাতালে ভর্তি। মুহূর্তেই আমার বিয়ের সব আনন্দ শেষ হয়ে গেল।"
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মনসুর জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে মো. ইয়াকুবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :