আওয়ামী লীগকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক বিশৃঙ্খলা রোধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য নিয়ে মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) সকালে এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেলযোগে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সকালেই উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে মহড়ার সূচনা হয়। পরে নেতাকর্মীরা ডাসার বাজার, ডাংগারহাট, গোপালপুর, সুজানগরসহ উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। প্রায় এক ঘণ্টার এই শোডাউনে এলাকায় উৎসুক জনতার মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়। শেষাংশে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ের কিছু রায়ের প্রভাব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় এলাকায় যেন কোনো ধরণের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়—সেজন্যই তারা শান্তিপূর্ণ মহড়া ও প্রতিবাদ সভার আয়োজন করেছেন।
নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের উস্কানি বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকেই তারা জনগণকে সচেতন ও সতর্ক করতে মাঠে নেমেছেন। বক্তারা সর্বস্তরের মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
এদিনের মহড়া ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন—ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, মো. ইসমাইল হাওলাদার, ইব্রাহিম মাতুব্বর, জব্বার বেপারী, সরোয়ার তালুকদার, সৈয়দ শাহিন হোসেন, শ্রমিকদল নেতা মাজেদ মাতুব্বর, কাউসার সরদার, যুবদল নেতা সালাউদ্দিন তালুকদার অস্রু, বাইজিদ সরদার, সৈয়দ আমির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন হোসেন, সাত্তার আকন, কৃষকদল সভাপতি মীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেরাব হাসান মেহেদী, ইমরান মাতুব্বর ও নাসির শিকদার।
স্থানীয়দের অনেকেই জানান, দীর্ঘদিন পর বিএনপির এ ধরনের শোডাউন এলাকায় নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে। যদিও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে সাধারণ মানুষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা ছিল, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 












