নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীর মতো জরুরী বিভাগে টিকিট কেটে চিকিৎসা সেবা নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো.আব্দুল আজিজ। রবিবার (৮মার্চ) বিকাল ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকিট কেটে ওই চিকিৎসা সেবা গ্রহণ করেন তিনি।
চিকিৎসা সেবা নিতে জরুরী বিভাগে সাধারন রোগীর মতো ১০ টাকার টিকিট কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এস.এম আলমাস এর কক্ষে প্রবেশ করেন সংসদ সদস্য। টিকিট তাঁকে ধরে দিয়ে শরীরে ডান কাঁধে ব্যথা অনুভব ও সমস্যার কথা বলেন। এতে প্রয়োজন হয় এক্স-রে করার। এক্স-রে করার পর এক্স-রে ফ্রি ২৫০ টাকাও তিনি দিয়ে দেন।
পরে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ঘুরে ঘুরে দেখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চারদিকের পরিবেশ। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে করনীয় বিষয় ও নানা সমস্যা কথা কথা জানতে চান। কত জন ডাক্তার, কত পরিচ্ছন্নকর্মী রয়েছে,ঠিকমতো সবাই উপস্থিত থাকেন কিনা। জরুরী বিভাগে ডাক্তার ঠিকমতো বসে কিনা,রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা। এর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকমতো সরবরাহ হচ্ছে কিনা নানা বিষয়ে খোঁজ- খবর নেন সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এস.এম আলমাস সংসদ সদস্যের নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা,পরিচ্ছন্ন কর্মীর ঘাটতি ও আউটসোসিংয়ে কর্মরতদের বেতন বকেয়ার কথা তুলে ধরেন। সাধারন রোগীর মতো টিকিট কেটে চিকিৎসা সেবা নেওয়া ও এক্স-রে ফ্রি দেওয়া সংসদ সদস্যের এমন কান্ডে তিনি হতবাক ও আশ্চর্য্য হয়েছেন। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।এমন সংসদ সদস্যের ভুয়সী প্রশংসা করে তাঁর মঙ্গল কামনা করেছেন তিনি।
স্থানীয় সংসদ সদস্য এ স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। পরবর্তীতে তিনি সে সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে রোগীদের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিতকরণে এখানে কর্মরত সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে বলেন। দায়িত্ব অবহেলাকারী যে কেউ হোক না কেন তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিতে কড়া নির্দেশনা দেন তিনি।

নিজস্ব সংবাদদাতা 












