ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান (৩২) নিখোঁজ রয়েছেন। তাকে তার কর্মস্থল কলাবাগান থানা পুলিশও খুঁজে পাচ্ছে না। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় এ ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত পৌনে ৩ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি)মো. মাসুদ আলম বলেন, রাকিবুল হাসান নামে পুলিশ কর্মকর্তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি স্বীকার করেন।
তিনি বলেন, যেহেতু তার পরিবারও তাকে খুঁজে পাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইলে পুলিশসহ তার পরিবারও যোগাযোগ করতে পারছে না, মানে নাম্বারটি বন্ধ দেখাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে । কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
একই সময় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী পুলিশ ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সেদিন রাতেই রাকিবুল হাসানের নাইট ডিউটিতে দায়িত্ব পালন করার কথা ছিল।
রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।
এ বিষয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক 











