গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 78
নাটোরের গুরুদাসপুরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চন্দ্রপুর ওয়াপদা বাজার ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. সবুজ প্রামাণিক (২৯), মো. জাহের আলী প্রামাণিক (৪৫), মো. হাসান আলী (৫৭), মো. রবিউল করিম (৪০), মো. আশিক আহমেদ (২২), মো. নাঈম আলী (১৯), মো. রেজাউল করিম (২৮), মো. আল-আমিন (২৯) ও মো. কামরুল ইসলাম (২১)।
পুলিশের প্রেস রিলিজে বলা হয়েছে, গত ২৫ আগস্ট বিকেলে উপজেলার শ্যামপুর গ্রামের দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আরেক শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের ঘিরে গালিগালাজ ও কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়।
রাতে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয় বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। এতে এক পুলিশ সদস্য মাথায় আঘাত পান। অন্য পুলিশ সদস্যদের বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ সদস্যরা হামলা থেকে বাঁচতে দৌড়ে একটি দাখিল মাদ্রাসায় আশ্রয় নেন। পরে গুরুদাসপুর থানা-পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত এক পুলিশ সদস্যকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা করা হয়। মামলার পর গতকাল রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
সরেজমিনে যা দেখা যায়, ঘটনার পর শ্যামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের পরিবেশ থমথমে। পুলিশের ধরপাকড়ের আতঙ্কে অনেক পুরুষ বাড়িতে থাকছেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কেউ কেউ গ্রেপ্তারের ভয়ে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা অন্যত্র অবস্থান করছেন। ফলে অনেক বাড়িতেই নারী, শিশু ও বয়স্কদের দেখা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ ও পরে হামলার ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরপরাধ ব্যক্তিরাও গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকছেন না।তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আইনের আওতায় আনা হচ্ছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :