• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, মিলল ২৫২ কেজি ভারতীয় গাঁজা


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 86
ছবির ক্যাপশন : ad728

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধারের পর গাড়ি ও পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজার পরিমাণ ২৫২ কেজি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন খবর পায় কসবা থানা পুলিশ। এর ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়।

অভিযান চলাকালে কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। তবে চালক সংকেত না মেনে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে।

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। পরে খিদিরপুর গ্রামের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

এরপর গাড়িতে থাকা চালক ও অন্য পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। মাইক্রোবাসটি পুকুরে পড়ে যাওয়ার পর এর ভেতরে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি পুকুর থেকে তুলে আনে। এ সময় গাড়ি ও পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৯-০৭৪০।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া করলে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে ২৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ