বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কালকিনি উপজেলা শাখার উদ্যোগে ২০২৪ সালে বৃত্তি অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ মো. মিরাজ হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা বর্তমানে শিশুদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ এড়িয়ে আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানান তারা।
সঞ্চালনায় ছিলেন কিশলয় কেজি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক সোহেল রানা এবং শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের সহকারী শিক্ষক সুমি আক্তার। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।সমাপনী পর্বে কালকিনি ও ডাসার এলাকার ১২টি কিন্ডারগার্টেনের মোট ৯৮ জন ট্যালেন্টপুল এবং ৯০ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে অতিথিরা সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ উপহার তুলে দেন।

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 












