মাদারীপুরের ডাসার এলাকায় গরু চুরি করতে এসে ধরা পড়লে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। বুধবার ভোরে উপজেলার পূর্ব ডাসার বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চোর আতঙ্ক আরও বেড়েছে।
স্থানীয় আবু বেপারী জানান, ভোর রাতে তার গোয়াল ঘরের সামনে একটি ট্রাক নিয়ে আসে চোররা। সেই সময় তিনি ছোট ভাই রাসেল বেপারীকে নিয়ে গোয়ালঘরের দিকে এগিয়ে যান এবং চুরির চেষ্টা ঠেকাতে চেষ্টা করেন। এসময় চোরদের ব্যবহৃত ট্রাকটি আটকানোর মুহূর্তে এক সদস্য ধারালো ছুরি দিয়ে রাসেলকে আঘাত করে। পরে তাদের ডাকচিৎকারে চোরচক্র দ্রুত ট্রাক চালিয়ে সরে যায়।
আবু বেপারীর ভাষ্য অনুযায়ী, চোরচক্রটির সদস্য সংখ্যা প্রায় পাঁচ থেকে ছয়জন ছিল। আহত রাসেলকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনা সম্পর্কে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 












