মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় মোঃ রাকিব মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রবিন মোল্লাসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যায় কালকিনি-সাহেবরামপুর সড়কের ঠাকুরবাড়ি এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব মোল্লা উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা এবং সাহাবদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাকিব ও রবিন মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে কালকিনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি সার্বিক পরিবহন তাদের ওপর আবারও আঘাত হানে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম সোহেল রানা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 












