নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ওই এলাকার মোন্তার বসতবাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোন্তার ছেলে রান্টুর স্ত্রী আতিয়া (২৩) এবং তার এক বছর বয়সী কন্যা রওজা। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ অগ্নিকাণ্ডে মোন্তার স্ত্রী মর্জিনা (মনেকা) গুরুতর দগ্ধ হন। তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে মোন্তার দুটি এবং তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র, পার্শ্ববর্তী একটি মুদি দোকান এবং ১২টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের মাঝে চলছে আহাজারি।
এলাকাবাসী জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশি তদন্ত শেষে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো।

নিজস্ব সংবাদদাতা 












