মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল তালুকদারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রাত ৮টায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রয়াণে এলাকায় গভীর শোক চলছে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন নেতা হিসাবে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার ‘খোকন’ তাঁর বিদায়ে উপস্থিত ছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা জলিল তালুকদার মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও সংশ্লিষ্টদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রশাসন, রাজনৈতিক দল ও সমাজের প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 












